শেয়ার বাজার

রেলস্টেশনে পাওয়া মেয়েটির নতুন জীবনের শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার, ১৪ মে ২০২৬

রেলস্টেশনে পাওয়া মেয়েটির নতুন জীবনের শুরু

মাত্র চার বছর বয়স। নিজের নামটুকুও ঠিকমতো বলতে পারত না ছোট্ট মেয়েটি। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে একদিন তাকে অসহায় অবস্থায় পাওয়া যায়। কোথা থেকে এসেছে, কার মেয়ে—কেউ জানত না। হারিয়ে যাওয়া সেই শিশুটির চোখে ছিল ভয়, অনিশ্চয়তা আর অজানা ভবিষ্যতের আতঙ্ক।

সেই ছোট্ট শিশুটির নাম স্বপ্না আক্তার। রেলস্টেশনে পাওয়ার ১৪ বছরের পর বুধবার (১৩ মে) দুপুরে সিলেটের শিবগঞ্জ লামাপাড়ায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। যে প্রতিষ্ঠান একদিন তাকে আশ্রয় দিয়েছিল, সেই প্রতিষ্ঠানই আজ হয়ে উঠল তার নতুন জীবনের সূচনার সাক্ষী। বিয়ের পুরো আয়োজনজুড়ে ছিল আবেগ, ভালোবাসা আর দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ। কোথাও কোনো ঘাটতি ছিল না। সাজসজ্জা, অতিথি আপ্যায়ন, বিয়ের আনুষ্ঠানিকতা—সবকিছুই ছিল একটি স্বাভাবিক পরিবারের মেয়ের বিয়ের মতোই। উপস্থিত অনেকের চোখেই তখন জল। কারণ, পরিবারহীন এক মেয়েকে ঘিরে এত মানুষের ভালোবাসা সত্যিই বিরল দৃশ্য।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, রেলস্টেশন থেকে স্বপ্নাকে উদ্ধার করার পর তাকে আশ্রয় দেওয়া হয় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার বাবা-মা দুজনেই মারা গেছেন। ফলে তাকে আর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। সেখানেই শুরু হয় তার বেড়ে ওঠা। তাকে স্কুলে ভর্তি করা হয়। ধীরে ধীরে লেখাপড়া শিখে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস. এম. মোক্তার হোসেন জানান, “স্বপ্নার বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে। কোনো অভিভাবক না থাকায় এবং তার সম্মতি নিয়েই আমরা বিয়ের আয়োজন করেছি। আমরা চেয়েছি, তার ভবিষ্যৎ যেন নিরাপদ ও সুন্দর হয়।”

পাত্রও সিলেটেরই সন্তান। তিনি ইলেকট্রিকের ঠিকাদারি কাজ করেন। বিয়ের আয়োজনকে ঘিরে এগিয়ে আসেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশিষ্ট ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যা স্বপ্নার নামে এফডিআর করে রাখা হবে। স্থানীয় এক ব্যক্তি উপহার দিয়েছেন প্রয়োজনীয় সব আসবাবপত্র। পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়। এমনকি একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান উপহার হিসেবে দেয় ১০০ কাপ দই।

সব মিলিয়ে পুরো আয়োজন ছিল আনন্দমুখর ও হৃদয়স্পর্শী। কেউ বুঝতেই পারেননি, এটি পরিবার থেকে বিচ্ছিন্ন এক তরুণীর বিয়ে। বরং মনে হচ্ছিল, বহু আদরে বড় হওয়া কোনো মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আমার খুবই ভালো লেগেছে। সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র শুধু একটি পিতৃমাতৃহীন শিশুকে আশ্রয়ই দেয়নি, তাকে লেখাপড়া শিখিয়ে জীবন গড়ার সুযোগ করে দিয়েছে। আজ তাকে বিয়ে দিয়ে তার ভবিষ্যতের ভিত্তিও তৈরি করে দিল।”
তিনি নবদম্পতির সুখী ও সুন্দর জীবনের প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে ১৭টি কেন্দ্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত, পথশিশু, ঝুঁকিতে থাকা ও পিতৃহীন শিশুদের নিরাপদ আশ্রয়, ভরণপোষণ এবং পুনর্বাসন সেবা দিয়ে আসছে। স্বপ্না আক্তারের গল্প সেই মানবিক উদ্যোগেরই এক জীবন্ত উদাহরণ।

   

গণমাধ্যম হবে সত্য প্রকাশের নির্ভরযোগ্য মাধ্যম-- সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে, ২০২৬

গণমাধ্যম হবে সত্য প্রকাশের  নির্ভরযোগ্য মাধ্যম-- সিসিক প্রশাসক

গণমাধ্যম হবে সত্য প্রকাশের  নির্ভরযোগ্য মাধ্যম-- সিসিক প্রশাসক, সিলেটে এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক ? বর্ণাঢ্য আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হয়েছে অনলাইন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠান। সোমবার (১১ মে) দুপুরে সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "গণমাধ্যম হবে সত্য প্রকাশের নির্ভরযোগ্য ঠিকানা। গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা নিয়েই আমরা গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে চলেছি। ডিজিটাল যুগে 'এশিয়া পোস্ট' আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নতুন ধারার সূচনা করবে বলে আমার বিশ্বাস।"
তিনি আরও যোগ করেন, "অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়। আমি আশা করি, এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি এশিয়া পোস্টের সফলতা কামনা করে বলেন, “গণমাধ্যম সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষকে আলোর পথ দেখায়। আমরা প্রত্যাশা করি, এশিয়া পোস্ট নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।”

সিলেট ব্যুরো প্রধান শুয়াইবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দি ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ব্যুরো প্রধান ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের স্কুল পরিদর্শক আবু মূসা মো. তারেক।

অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিলেট ম্যানেজার ও নারী উদ্যোক্তা সেলিনা চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, দৈনিক সিলেট মিররের সম্পাদক জিয়াউস শামস শাহীন, সিনিয়র সাংবাদিক ও চ্যানেল এস-ইউকে’র বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট ব্যুরো প্রধান, গল্পকার সেলিম আউয়াল, সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিসিএস-সিলেটের আহ্বায়ক ইমদাদুল হক জীবন, সিনিয়র সাংবাদিক নূর আহমদ, সিলেট প্রেসক্লাব সদস্য জুনেদ আহমদ চৌধুরী, শহীদুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, জেনারুল ইসলাম, মাসুম আহমদ চৌধুরী, কানন চন্দ, শংকর দাস, শামীম আহমদ, শাকিল আহমেদ, জিএইচ সুফিয়ান, তাহমিদ আহমেদ, মাজেদ আহমেদ, সাইদুল ইসলাম, তারেক মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।


বিচ্ছেদের পর আবারও কি নতুন সংসার পাতার ইঙ্গিত সানিয়া মির্জার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৪

বিচ্ছেদের পর আবারও কি নতুন সংসার পাতার ইঙ্গিত সানিয়া মির্জার

সমাজমাধ্যমে সানিয়ার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। শোয়েবের তৃতীয় বিয়ের খবর জানাজানি হওয়ার পর সানিয়া নিজের এত উচ্ছ্বল ছবি পোস্ট করেননি। জল্পনায় ইন্ধন দিচ্ছে সঙ্গের লেখা।

কেমন আছেন সানিয়া মির্জ়া? শোয়েব মালিকের তৃতীয় বিয়ের পর থেকে এটাই বড় প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। ভারত-পাকিস্তান দু’দেশের ক্রীড়াপ্রেমীদেরই আগ্রহের কেন্দ্রে টেনিস তারকা। এর মধ্যেই সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়ে ভারতে ফিরে এসেছেন সানিয়া। গত সপ্তাহ পর্যন্ত ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ধারাভাষ্যের কাজে। কয়েক দিন আগে জানিয়েছিলেন, বাবার নতুন বিয়ের কথা শুনে মানসিক ভাবে বিপর্যস্ত ই‌জহান। কিন্তু তিনি কেমন আছেন?

সমাজমাধ্যমে সানিয়ার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নিজের একটি সহাস্য ছবি দিয়েছেন সানিয়া। সঙ্গে যা লিখেছেন, তার অর্থ, ‘সব কিছুই সম্ভব’। সানিয়ার হাসিখুশি ছবি দেখে আশ্বস্ত তাঁর অনুরাগীরাও। পাকিস্তানের বহু ভক্ত সানিয়ার প্রশংসা করেছেন।

অনেকের ধারণা, সানিয়াও হয়তো আবার বিয়ে করবেন। নতুন সংসার পাতবেন কারও সঙ্গে। অনেকে তাঁর সাহসী পদক্ষেপকে কুর্নিশ করেছেন। এক জন বলেছেন, ‘‘আপনি ঠিক সেই কাজটাই করছেন, যেটা এক জন অসৎ মানুষের সঙ্গে করা উচিত।’’ আর এক জন আবার বলেছেন, ‘‘ঠিকই বলেছেন। চাইলে সব কিছুই সম্ভব।’’ সানিয়ার হাসিখুশি ছবিতে শুধু ভালবাসার ইমোজি দিয়েও পাশে থেকেছেন অনেকে।