নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৫ মে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাধবপুরের দিকে যাচ্ছে।
সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে মাধবপুর উপজেলার যুগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন জগদীশপুর বাজার-টুতেমুনিয়া সড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে সিএনজির যাত্রী আসনের নিচে রাখা চারটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রফিনগর গ্রামের মো. নাছির উদ্দিন (৩৯)। তিনি ডুগাই মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির উদ্দিন র্যাবকে জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তিনি তা নিজ হেফাজতে রেখেছিলেন। র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে উদ্ধারকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।








