শেয়ার বাজার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯ এর অভিযানে ১০.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ২৩ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯ এর অভিযানে ১০.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ১০ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। র‌্যাব জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেফতারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত ও সহিংসতা প্রতিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সবুজ রঙের সিএনজিযোগে মাদকদ্রব্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরের দিকে যাওয়া হচ্ছে। পরে র‌্যাবের দলটি সদর থানার সাদিকপুর ইউনিয়নের চিলোকুট এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে চেকপোস্ট স্থাপন করে।

দুপুর ১২টা ৫ মিনিটের দিকে সন্দেহভাজন সিএনজিটিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার কাছে গাঁজা থাকার কথা স্বীকার করে। তার দেখানো মতে সিএনজির সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে নীল পলিথিন ও খাকি স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ সোহেল (৪০), পিতা মৃত আব্দুল মান্নান, গ্রামের বাড়ি রামধননগর, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জে
৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৬

৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

র‌্যাব-৯ সূত্র জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৫ মে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাধবপুরের দিকে যাচ্ছে।

সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে মাধবপুর উপজেলার যুগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন জগদীশপুর বাজার-টুতেমুনিয়া সড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে সিএনজির যাত্রী আসনের নিচে রাখা চারটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রফিনগর গ্রামের মো. নাছির উদ্দিন (৩৯)। তিনি ডুগাই মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির উদ্দিন র‌্যাবকে জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তিনি তা নিজ হেফাজতে রেখেছিলেন। র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে উদ্ধারকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।



লন্ডন প্রবাসীকে মোবাইল ফোনে হুমকি স্থানীয়দের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৬

লন্ডন প্রবাসীকে মোবাইল ফোনে হুমকি স্থানীয়দের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের স্বজ্জন ব্যক্তিত্ব মানবতার ফেরিওয়ালা তালাশ টিভির উপদেষ্টা লন্ডন প্রবাসী সৈয়দ রফিকুল হক' কে মোবাইল ফোনে দেশে আসলে যুদ্ধ ঘোষনা করে দেখে নেওয়া ও বাড়ীঘর ভাংচুর করার হুমকি,এবং তাহার বিরুদ্ধে  মিথ্যা অপপ্রচার,  এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছন রফিকুল হক এর আত্নীয়-স্বজনসহ স্থানীয়রা। বৃহস্পতিবার (২১মে) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তাহার পক্ষে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

খোজঁ নিয়ে জানাযায়, পারিবারিক বিরোধকে  কেন্দ্র  করে লন্ডন প্রবাসী রফিকুল হককে দূর্বল করতে  সৈয়দ জহুরুল ইসলাম ও সৈয়দ ফয়জুল ইসলাম মোবাইল ফোনে এই হুমকি দেন। প্রকৃত পক্ষে রফিকুল হক কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি  যুক্ত নয়। তিনি গত ২০২৬ সালের নির্বাচনে বিএনপি কে ভালো বেসে দেশে আসেন এবং ধানেরশীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।  তিনি বিগত ১৫ বছর যাবৎ লন্ডনে একটি মসজিদের মোতওয়াল্লি হিসেবে সততার সহীত দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী,  তিনি অনেক অসহায় মানুষদের সহযোগিতা করে থাকেন। মানব সেবী ও সামজিক ব্যক্তিত্ব হিসেবে তাহার আলাদা পরিচয় রয়েছে। লন্ডন কমিউনিটিতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।  এরকম একজন সৎ মানবতার ফেরিওয়ালা ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার সিনেমাকেও হারমানিয়েছে। স্থানীয়রা বলেন সৈয়দ রফিকুল হক দেশে আসলে তাহার নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসনের নিকট উধাত্ত আহবান জানান। তারা বলেন অবশ্যই  প্রশাসন নিরাপত্তার বিষয়টি গুরত্বসহকারে বিবেচনা করবে। সংবাদ প্রকাশের আগে তাহার বক্তব্য না নেওয়ায় স্বার্থের বিষয়টি পরিস্কার। একটি স্বার্থন্বেসী মহল নিজেদের আখের গোছাতে অন্যের ভালো কাজ সহ্য করতে না পেরে হুমকি ও অপপ্রচারে লিপ্ত।

এর আগে গত ১২ মে (মঙ্গলবার) দৈনিক জগন্নাথপুর পত্রিকায়পত্রিকার অনলাইন সংস্করণে  “জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে এমপি কয়ছর আহমদের সমর্থকের উপর হামলা ও ভাংচুরের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় সৈয়দ রফিকুল হক ও তার পরিবারের বিরুদ্ধে যে হামলা ও ভাংচুরের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, সৈয়দ জহর নিজেই পরিস্থিতিকে নাটকীয়ভাবে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন।


নগরীর আম্বরখানা থেকে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬

নগরীর আম্বরখানা থেকে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় পণ্য (বুঙ্গার মাল) আটক করেছে পুলিশ। এসময় এক ব্যক্তিকে আটকও করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. আবদুল আজিজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় পণ্যবাহী কাভার্ড ভ্যানটি আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, কাভার্ড ভ্যানটির ভেতর ৬০ বস্তায় ১৮০০ কেজি জিরা ও ১৫ বস্তায় ৭৫০ কেজি চাপাতা ছিল। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় সোয়া ১১ লাখ টাকা। এসময় আবদুস শুকুর (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার উপর সামপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।