নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ১০ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। র্যাব জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেফতারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত ও সহিংসতা প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সবুজ রঙের সিএনজিযোগে মাদকদ্রব্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরের দিকে যাওয়া হচ্ছে। পরে র্যাবের দলটি সদর থানার সাদিকপুর ইউনিয়নের চিলোকুট এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে চেকপোস্ট স্থাপন করে।
দুপুর ১২টা ৫ মিনিটের দিকে সন্দেহভাজন সিএনজিটিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার কাছে গাঁজা থাকার কথা স্বীকার করে। তার দেখানো মতে সিএনজির সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে নীল পলিথিন ও খাকি স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ সোহেল (৪০), পিতা মৃত আব্দুল মান্নান, গ্রামের বাড়ি রামধননগর, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।