সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিএনজিযোগে তামাবিল স্থলবন্দর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে গোলাপগঞ্জের দিকে আসছে কয়েকজন মাদক ব্যবসায়ী। তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে হেতিমগঞ্জের শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র্যাবের একটি আভিযানিক দল।
চেকপোস্টে একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সিএনজিসহ দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সিএনজিতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তাদের দেখানো মতে একটি কার্টনের ভেতর থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন—শেখ মো. তোফায়েল আহমেদ (২৬), পিতা: মো. রাজু মিয়া, সাং: দুশাসন, থানা: শায়েস্তাগঞ্জ, জেলা: হবিগঞ্জ এবং মো. গোলাম রব্বানী (৩০), পিতা: মৃত হোসেন মিয়া, সাং: বেলুপাড়া, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে গ্রেপ্তারকৃতদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯-এর অভিযানে গোলাপগঞ্জে ৬ বোতল বিদেশি মদসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ মে ২০২৬








